spot_img

‘বাংলাদেশ খেলাফত মজলিস মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে’

বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী বলেছেন, বাংলাদেশ খেলাফত মজলিস আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য ১৯৮৯ সালের ৮ই ডিসেম্বর শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ.-এর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে। এদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, জনকল্যাণ, মানুষের মৌলিক অধিকার সংরক্ষণ, গণমুখী কর্মসূচীর মধ্য দিয়ে ইতিহাস-ঐতিহ্য ও গৌরবময় পথচলার ৩২তম উজ্জ্বল অধ্যায়ে বাংলাদেশ খেলাফত মজলিস জনগণের অধিকার পুনরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করছে।

শনিবার (১৮ ডিসেম্বর) বিকালে সিলেট দরগাহ গেইটস্থ শহীদ সুলাইমান হলে দলের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইসমাইল নূরপুরী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের দীর্ঘ ৫০ বছরেও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। প্রকৃত স্বাধীনতা পেতে হলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার কোনো বিকল্প নেই। ১৯৭১ সালে পাকিস্তানী জালিমদের বিরুদ্ধে মজলুমদের লড়াই ছিল। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা লাল সবুজের পতাকা অর্জন করি। দুর্ভাগ্যজনক হলেও এদেশের মজলুম মানুষ জালিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে। তাই জালিমদের হটাতে দেশের মজলুম জনগণের পক্ষে সবাইকে কাজ করতে হবে।

মাওলানা ইসমাইল নূরপুরী আরও বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কুরবান আলী কাসেমী, মাওলানা এহসানুল হকসহ গ্রেফতারকৃত দলীয় নেতৃবৃন্দকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। নতুবা দেশের জনগণকে সাথে নিয়ে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।

সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইকবাল হুছাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দলের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ