বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল কানা হতে গিয়ে বুদ্ধিহীন হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রবিবার (১৯ ডিসেম্বর) বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ২৪ ঘণ্টার সম্প্রচারের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুলকে বুদ্ধিমান ও জ্ঞানী মানুষ হিসেবে জানতাম। কিন্তু তিনি দল কানা হতে গিয়ে বুদ্ধিহীন হয়ে গেছেন। জ্ঞান হারিয়ে ফেলেছেন। তাই বাংলাদেশ উন্নয়নে ৫০ বছর পেছনে গেছে এমন মন্তব্য করছেন। অথচ আগে বাংলাদেশের শতকরা ৪১ শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করতো। এখন তা ২০ শতাংশে নেমে এসেছে।
হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারতো যদি বিএনপি-জামায়াত বাংলাদেশে নেতিবাচক রাজনীতি না করতো। স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র না করতো। তাহলে বাংলাদেশ আরও এগিয়ে যেত।










