spot_img

মাদক সেবনকারীরা ছাত্রলীগ ও যুবলীগের কোনো পদ পাবে না: আমু

মাদক সেবনকারীরা ছাত্রলীগ ও যুবলীগের কোনো পদ পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

তিনি বলেন, মাদক সেবনকারীরা ছাত্রলীগ ও যুবলীগের কোনো পদ পাবে না। দলীয় পদে যারা আসবে তাদের সম্পর্কে আগে থেকেই তদন্ত করে দেখা হবে, কেউ মাদকের সঙ্গে জড়িত কি না। এর পরেই পদ দেওয়া হবে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় ঝালকাঠির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসবে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

আমু বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর বাংলাদেশের ইতিহাস বিকৃত করা হয়েছে। শুধু তা-ই নয়, মিথ্যা ইতিহাসও বানানো হয়েছে। যারা ভ্রান্ত রাজনীতি করে, ঘরে মুক্তিযোদ্ধার সাইনবোর্ড টাঙিয়ে দিয়ে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, গণহত্যাকারী অপশক্তির সঙ্গে সরকার গঠন করে, তারা কোনো দিন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হতে পারে না।

তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধানরা শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন। এই স্বীকৃত বিষয়টিকে এখনো যারা মিথ্যা করে বেড়াচ্ছে, তারাও ইতিহাসে একদিন আস্তাকুঁড়ে যাবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ