আগামী জাতীয় নির্বাচনে কার সঙ্গে জোট হবে তা জানেন না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে কার সঙ্গে জোট হবে জানি না। তবে ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। সে অনুযায়ী সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় দলকে সংগঠিত করতে কাজ শুরু করেছেন।
শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে চট্টগ্রাম মহানগর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।
বিরোধী দলীয় এ উপনেতার বক্তব্য, রাজনীতি হারিয়ে যাচ্ছে, রাজনৈতিক দলগুলোও হারিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারে থেকে ১২ মাসে ১৩ পার্বণে ক্ষমতা প্রদর্শন করে তারা, দেশের মানুষ তা দেখতে বাধ্য। কেউ ইচ্ছে করলেই আওয়ামী লীগে যোগ দিতে পারছে না।
তিনি বলেন, বিএনপি রাজনীতিতে দাঁড়াতে পারছে না। সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা রাজনীতির বিকল্প শক্তি হতে পারেনি। রাজনীতির মাঠে দাঁড়াতে পারেনি ড. কামাল হোসেনের গণফোরাম বা জাতীয় ঐক্যফ্রন্ট। দেশের মানুষের সামনে জাতীয় পার্টি এখন একমাত্র বিকল্প শক্তি। দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়, দলকে আরও শক্তিশালী হিসেবে দেখতে চায়।










