পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর থেকে বিভিন্ন অপপ্রচার চালিয়ে দেশকে পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র হয়েছে। সেসব এখন অতীত। তবে মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা অনেক সময় সহজ হলেও তা রক্ষা করা খুবই কঠিন। তাই আমাদের সবাইকে সাবধান থাকতে হবে।
সোমবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক সিলেট’র হলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংক সিলেটের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে প্রত্যেককে তার নিজ নিজ অবস্থান থেকে সততার সাথে নির্মোহভাবে দায়িত্ব পালন করতে হবে। অর্থনৈতিক সমৃদ্ধশীল দেশ গঠনে শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের মানুষ আজ স্বাধীনতার সুফল ভোগ করছে।










