৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে পরাজিত হয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ। মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েছেন তিনি।
জানা যায়, চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর জেলার রাজৈর উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। রাত আনুমানিক ১০টার দিকে রাজৈর উপজেলা নির্বাচন কর্মকর্তা নাননী খান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ফলাফল অনুযায়ী, ইশিবপুর ইউনিয়নে মোশারফ মোল্লা ৩ হাজার ২ শ ৬২ ভোট পেয়ে চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আর গোলাম রাব্বানীর মামা সালাউদ্দিন পেয়েছেন ২ হাজার ৫শ ৫ ভোট।
গত ২৬ ডিসেম্বর ভোটের দিন একটি কেন্দ্রে গেলে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তখন থেকেই এই নির্বাচন নিয়ে আলোচনা চলছে। মূলত গোলাম রাব্বানী তার মামার জন্য নির্বাচনী প্রচারণার কাজে এলাকায় গিয়েছিলেন। সেখানে বর্তমান বিজয়ী প্রার্থী মোশারফ মোল্লার ছেলে সোহেল মোল্লার সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ রয়েছে। ছুরির আঘাতে ডান হাতের তিনটি আঙুল কেটে যায়।











