বিএনপি-জামায়াত চিন্তা-চেতনায় পাকিস্তানকে লালন করছে বলে দাবি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম।
তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট স্বাধীনতাবিরোধী অপশক্তি। এই জোটের নেতারা দেশের মাটি ও মানুষকে ভালোবাসে না। চিন্তা-চেতনায় তারা পাকিস্তানকে লালন করছে। তাই বাংলাদেশের উন্নয়ন ও মানুষের ভালো থাকা নিয়ে তাদের কিছু যায় আসে না।
সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে স্বাধীনতা চিকিৎসক পরিষদের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শেখ সেলিম বলেন, বাংলাদেশের স্বাধীনতাবিরোধী এই পরাজিত অপশক্তি ঐক্যবদ্ধ হয়ে বর্তমানে ক্ষমতাসীন স্বাধীনতার স্বপক্ষের সরকার, মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী সরকার, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আঘাত হানতে চায়। স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা-কর্মীসহ স্বাধীনতার সব স্বপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি-জামায়াত জোটের সব ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। যাতে স্বাধীনতাবিরোধী অপশক্তি আর কোনদিন ক্ষমতায় আসতে না পারে সেজন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, দেশে উন্নত চিকিৎসাব্যবস্থা থাকা সত্ত্বেও সাজাপ্রাপ্ত আসামি খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে কেন? বিশ্বে সাজাপ্রাপ্ত আসামিকে বিদেশে চিকিৎসা দেওয়ার নমুনা আছে কি?
আওয়ামী লীগের এ নেতা বলেন, তাদের উদ্দেশ্য চিকিৎসা না, বিদেশে গিয়ে ষড়যন্ত্র করা। বিএনপির কাজই হচ্ছে ষড়যন্ত্র করা। তারা ষড়যন্ত্রের মাধ্যমে বর্তমান সরকারকে উৎখাতের চেষ্টা করছে। কিন্তু তাদের সেই দুঃস্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। বিএনপির সব অপচেষ্টাকে আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে।










