বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দ্বিগুণ করে দিয়েছেন। বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা করে দিয়েছেন। এসব করতে সময় লাগছে। তবে মুক্তিযোদ্ধারা সুযোগ-সুবিধা পাওয়ার জন্য যুদ্ধ করেননি। তারা বাঙালি জাতির মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধ করেছেন এবং অনেকে জীবন দিয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাণিজ্য মন্ত্রী বলেন, বেশ কিছুদিন ধরে আমরা পরিকল্পনা করছিলাম মুক্তিযোদ্ধাদের নিয়ে পুনর্মিলনী করার জন্য। সারা দিন তাদের সাথে সময় কাটাব। এমনিতেই মুক্তিযোদ্ধাদের সংখ্যা কমছে। রংপুরের সকল মুক্তিযোদ্ধা আমার সাথীদের সাথে দেখা হবে সেই কারণেই এই অনুষ্ঠান।
নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, সারা বিশ্বে চিনি ও ভোজ্য তেলের দাম বেড়েছে এটা গ্লোবাল সমস্যা। তার পরেও আমরা চেষ্টা করছি, দাম কমিয়ে আনার।
তিনি বলেন, দীর্ঘ ৫০ বছরে দেশ অনেক এগিয়ে গেছে মানুষের রোজগার বেড়েছে। এখন বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। করোনা মহামারির সময় বাংলাদেশের উন্নয়ন দৃশ্যমান দেখেছে বিশ্ব। পাকিস্তান এখন সকল ক্ষেত্রে আমাদের চেয়ে শতকরা ৫০ ভাগ পিছিয়ে আছে। এটা সম্ভব হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন কর্মকাণ্ডের জন্য।










