spot_img

তৈমুরকে রাস্তায় নামতে দেওয়া হবে না: যুবলীগ সাধারণ সম্পাদক

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে রাস্তায় নামতে দেওয়া হবে না বলে
হুঁমকি দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান নিখিল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে দেশ আজ উন্নতির চরম শিখরে। অথচ আজকে তাকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, মিথ্যাচার হচ্ছে। বিএনপি-জামায়াত চক্র ২০০৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। দেশে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে পেট্রোল দিয়ে ১৬৫ জন মানুষকে হত্যা করেছে। আর এই বিএনপি-জামায়াতের প্রার্থী হচ্ছে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তাকে রাস্তায় নামতে দেওয়া হবে না।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে নগরীর বাঁধন কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতা বিরোধী, ষড়যন্ত্রকারীদের হাতে কি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের হাতে ক্ষমতা তুলে দেবে নারায়ণগঞ্জবাসী? নগরবাসীর কি উচিত নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করা।

যুবলীগের ওই বর্ধিত সভায় ২৭টি ওয়ার্ডের প্রায় ২০০টি কেন্দ্রের জন্য ২ জন করে সদস্যকে মনোনীত করা হয়, যারা কেন্দ্র পরিচালনা করবে। সভা থেকে ঘোষণা করা হয়, যারা নৌকার জন্য কাজ করবে তারাই ভবিষ্যতে যুবলীগের দায়িত্ব পালন করবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ