ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এক যৌথ বিবৃতিতে বলেছেন, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৬নং টিকিকাটা ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চলাকালীন সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমদ লাবু মৃধা ও তার কর্মী সমর্থকদের উপর নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম রিপন জমাদ্দার এর সন্ত্রাসী বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বুধবার (২৯ ডিসেম্বর) সংবাদমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে তারা এ কথা প্রতিবাদ জানান।
নেতৃদ্বয় বলেন, সরকার দলীয় দস্যুরা সারাদেশে হাতপাখার চেয়ারম্যান প্রার্থী ও নেতাকর্মীদের উপর হামলা নির্যাতন করে আওয়ামী লীগের আসল চরিত্র দেশবাসীর সামনে প্রকাশ করেছে। সরকার দলীয় সন্ত্রাসীদের নিবৃত করতে আওয়ামীলীগের হাইকমান্ডের প্রতি আহ্বান জানাচ্ছি। জুলুম নির্যাতন করে আজীবন ক্ষমতায় থাকা যাবে না।
নেতৃদ্বয় আরও বলেন, সরকারদলীয় দস্যুরা সারাদেশে হাতপাখার চেয়ারম্যান প্রার্থীদের ওপর জুলুম নির্যাতন এবং অপহরণের মতো ঘটনা ঘটিয়ে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার জঘন্য খেলায় মেতে উঠেছে। তারই ধারাবাহিকতায় গতকাল পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের হাতপাখার চেয়ারম্যান পদপ্রার্থী মহিউদ্দিন আহমদ লাবু মৃধা ও তার কর্মী সমর্থকদের উপর অতর্কিত হামলা চালিয়ে প্রার্থীসহ নেতাকর্মীদের রক্তাক্ত করে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনুন।










