এমভি অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নদী থেকে উদ্ধারের পর শনাক্ত হওয়া ওই ব্যক্তির নাম আবদুল হক। তিনি নরসিংদীর বাসিন্দা।
বিষখালী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
এছাড়া দুর্ঘটনায় দগ্ধ শাহিনুর বেগম নামের এক নারী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি বরগুনার বাসিন্দা। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে।
এদিকে বরগুনা জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের তালিকা অনুযায়ী এখনও নিখোঁজ রয়েছেন ৩১ জন।
ডিএনএ টেস্টের মাধ্যমে লঞ্চ দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের মরদেহ শনাক্ত করতে ৩২ জন নিখোঁজের অনুকূলে এখন পর্যন্ত ৪৮ জনের নমুনা সংগ্রহ করেছে সিআইডি। এছাড়াও আগামী রোববার ঢাকা থেকে আরও ৭ জনের নমুনা সংগ্রহ করবে সিআইডি।











