বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের বরেণ্য আইনজীবীরা বলছেন যে, আইনমন্ত্রী আনিসুল হক আইনের অপব্যাখ্যা দিচ্ছেন। আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজকে অন্যায়ভাবে সাজা দিয়ে তাকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এভারকেয়ার হাসপাতালে বন্দি করে ফেলে রাখা হয়েছে। তার পাকস্থলী থেকে রক্ত ঝড়ছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির উদ্যোগে ‘ভোটাধিকার হরণের কালো দিবস উপলক্ষ্যে’ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বেগম খালেদা জিয়া ডাক্তাররা বলছেন, তার জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় একটা বড় বিপদ হতে পারে। তারপরেও প্রধানমন্ত্রী ও তার আইনমন্ত্রী এতো পাষাণ, এতো কঠোর এবং এতো নির্দয়!
আইনে নাই বিদেশে চিকিৎসা করার- আইনমন্ত্রীর এই বক্তব্যের কথা উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, আইনমন্ত্রী এটা তো আপনার নিজের কথা নয় এবং আইনের বিধানও না। আইনে আছে। কিন্তু শেখ হাসিনা আপনাকে যেটা শিখিয়ে দিয়েছেন, আপনি সেটাই বলেছেন। আপনি আইনের বিকৃত ব্যাখ্যা দিচ্ছেন।









