মেক্সিকোতে দুই মাদক ব্যবসায়ীর গুলিতে নারী ও শিশুসহ অন্তত আটজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে এক শিশু, এক কিশোরী ও এক নারী রয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও তিনজন।
বুধবার (২৯ ডিসেম্বর) দেশটির গুয়ানাহুয়াতো প্রদেশে এ ঘটনা ঘটে।
জানা যায়, গুয়ানাহুয়াতো প্রদেশের সিলাও শহরের একটি বাড়িতে গত বুধবার গুলি চালায় দুই বন্দুকধারী। মোটরবাইকে চেপে আসা দুই দুর্বৃত্তের নিশানায় ছিল বাড়িটিতে থাকা চার পুরুষ এবং এক নারী। পুলিশ জানিয়েছে, ওই হামলার সময় এক বছরের একটি শিশু এবং ১৬ বছর বয়সি এক কিশোরীরও মৃত্যু হয়। তবে এই দুজনকেও পরিকল্পনামাফিক খুন করা হয়েছে, নাকি গোলাগুলির মধ্যে পড়ে তাদের অতর্কিত মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
দুই প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারী গোষ্ঠী সান্তা রোসা দে লিমা এবং জালিসকো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে সংঘর্ষ প্রায়ই লেগে থাকে। এর জেরে সারা বছরই অশান্তির আবহ গুয়ানহুয়াতো প্রদেশে। গত বুধবারের ঘটনাও মাদক পাচার নিয়ে বিবাদের জেরে বলে পুলিশের দাবি।











