থার্টি ফার্স্ট নাইটে ক্যাম্পাসে উচ্ছৃঙ্খল ও অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে সভা-সমাবেশ, মিছিল, আতশবাজি ও পটকা ফোটানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।
বুধবার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র-ছাত্রীদের অবশ্যই রাত ১১টার মধ্যে নিজ হলে প্রবেশ করতে হবে। পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। হলের ভেতরে বা বাইরে মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ এবং কোনও প্রকার উচ্ছৃঙ্খল আচরণ ও উসকানিমূলক বক্তব্য দেওয়া যাবে না। কোনও বহিরাগতকে হলে অবস্থান করতে দেওয়া হবে না, ক্যাম্পাসে ক্যাম্প ফায়ার, আতশবাজি ও পটকা ফোটানো যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার বিকাল ৫টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত জয় বাংলা গেট ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্য সব গেট বন্ধ থাকবে এবং বহিরাগত কোনও মোটরসাইকেল, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, কার ইত্যাদি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। বহিরাগতদের সন্ধ্যা ৬টার আগে ক্যাম্পাস ত্যাগ করতে হবে। বটতলাসহ ক্যাম্পাসের অভ্যন্তরীণ সব দোকান রাত ১১টার মধ্যে বন্ধ করার জন্য অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া সংশ্লিষ্ট হল প্রশাসন নিজ হলের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় তদারকির দায়িত্বে থাকবে।











