ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম বলেন, ওলামায়ে কেরামগণই হলেন ইসলামের প্রধান ব্যক্তি। তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে ধারাবাহিকভাবে উম্মাহকে নেতৃত্ব দিয়ে আসছেন। বিভিন্ন সময় জেল জুলুম নিপীড়ন সহ্য করে উম্মাহকে এগিয়ে নিয়েছেন।
বুধবার (৫ জানুয়ারি) বেলা ১১টায় কুমিল্লা শহরের কারীমিয়া মাদরাসা ময়দানে ‘জাতীয় উলামা মাশায়েখ-আইম্মা পরিষদ’ কুমিল্লা জেলা উত্তর আয়োজিত ওলামা-মাশায়েখ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মুফতী ফয়জুল করীম বলেন, উম্মাহকে নেতৃত্ব দেওয়ার এই কাজ জটিল ও কঠিন, এখানে প্রতিটি ক্ষেত্র বিশেষজ্ঞ ব্যক্তিদের প্রয়োজন হয়। বিশেষজ্ঞ নেতৃত্ব না হলে হোচট খাওয়ার সম্ভাবনা থাকে।
তিনি বলেন, ওলামারা দুনিয়াবি সম্পদ ও ক্ষমতাকে সর্বদাই এড়িয়ে চলেন। তারা নিবৃত্তে জাতি গঠনে কাজ করে যান। কিন্তু দুঃখের কথা হলো, ইসলামবিরোধী কায়েমি স্বার্থবাদি শক্তি বারংবারই ওলামাদের ওপরে খড়গহস্ত হয়। গ্রেফতার, হামলা, মামলার মাধ্যমে দাঈ ও ওলামাদের হয়রানি করে। আতংক তৈরি করে দাওয়াহ-শিক্ষা ও আন্দোলনের পথকে রুদ্ধ করার চেষ্টা করে। যার পরিণতি কখনোই ভালো হয় না।










