পদত্যাগ করা সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান-এর বিরুদ্ধে তার স্ত্রী ডা. জাহানারা এহসান শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করেছেন। তবে পুলিশ আসার খবর পেয়ে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে পালিয়ে যান ডা. মুরাদ হাসান।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম আলী মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শারীরিক ও মানসিক নির্যাতন এবং প্রাণনাশের অভিযোগে পুলিশ সহযোগিতা চেয়ে ৯৯৯ এ কল দিয়েছিলেন ডা. মুরাদ হাসান-এর স্ত্রী। তার কল পেয়ে থানা পুলিশের একটি টিম তাদের বাসায় গেলে মুরাদ হাসানকে পাওয়া যায়নি। তিনি হয়তো তার আগেই বাসা থেকে বেরিয়ে গেছেন।
এদিকে, এ ঘটনায় সন্ধ্যায় ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মুরাদ হাসান-এর স্ত্রী ডা. জাহানারা এহসান।
জিডিতে তিনি উল্লেখ করেছেন, গত ১৯ বছর ধরে তিনি স্বামী মুরাদ হাসান-এর সঙ্গে সংসার করে আসছিলেন। তাঁদের সংসারে ১৬ বছরের একটি মেয়ে ও ১১ বছরের এক ছেলে রয়েছে।
অভিযোগপত্রে ডা. জাহানারা এহসান জানান, সাম্প্রতিক কারণে অকারণে তাঁকে ও তাঁর সন্তানদের অকথ্য ভাষায় গালিগাজ করেন মুরাদ হাসান। সেই সঙ্গে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছেন। এভাবে আজকেও (৬ জানুয়ারি) পৌনে তিনটার দিকে আগের মতো গালিগালাজ এবং মারধর করার চেষ্টা করে। তখন তিনি ৯৯৯ এ ফোন করেন। এই সময় পুলিশ আসার খবর পেয়ে বাসা থেকে পালিয়ে যান মুরাদ হাসান। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করেছেন জিডিতে।










