spot_img

নারায়ণগঞ্জে ফেয়ার ভোট না হওয়ার আশঙ্কা জাতীয় পার্টির

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভোট ফেয়ার হবে না বলে আমাদের আশঙ্কা রয়েছে। কারণ গত কয়েক মাসে স্থানীয় সরকার যে নির্বাচন হয়েছে, বিশেষ করে প্রথম এবং দ্বিতীয় ধাপ। সেগুলোর মাধ্যমে নির্বাচনের নামে নৈরাজ্য সৃষ্টি হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

টাঙ্গাইল ৭ উপ-নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, আমাদের আশঙ্কা, নির্বাচনটা ফেয়ার হবে না। আগের নির্বাচনগুলোয় জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে অনেক প্রার্থী দিয়েছিল। আমাদের প্রার্থীদের মারধর করা হয়েছে, পেটানো হয়েছে এবং বিভিন্নভাবে প্রার্থিতা প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে। কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে তাকে এলাকা ছাড়তে হয়েছে। অনেক জায়গায় ব্যক্তিগতভাবে প্রশাসনের সঙ্গে কথা বলে সুফল পাওয়া যায়নি। শুধু এটাই না, মাস আগে সিরাজগঞ্জে একটি উপ-নির্বাচনে আমাদের প্রার্থীর জামাকাপড় পর্যন্ত ছিঁড়ে ফেলা হয়েছিল। এসব উপ-নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে যে বিশৃঙ্খলা ও নৈরাজ্য তৈরি হয়েছে তাতে আমাদের আশঙ্কা মির্জাপুরের নির্বাচনও ফেয়ার হবে না। এ জন্য আজ আমরা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছি।

তৈমূর আলম খন্দকার বলেছেন তাকে জাতীয় পার্টি সমর্থন দিয়েছে। এ বিষয়ে আপনার মন্তব্য কী? এমন প্রশ্নের উত্তরে মুজিবুল হক চুন্নু বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে কোনো উপযুক্ত প্রার্থী না থাকায় সেখানে আমরা প্রার্থী দিইনি। আর কোনো প্রার্থীর পক্ষে কাজ করার জন্য দলীয় কর্মী-সমর্থকদের জন্য কোনো সিদ্ধান্ত নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ