বছরের প্রথম দিনে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়। জেলাজুড়ে জেঁকে বসেছে কনকনে শীত৷ পৌষের মাঝামাঝিতে মাঘের শীতের দাপটে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ ও খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ।
শনিবার (১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে সরেজমিনে দেখা যায়, দুদিন আগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর হিমালয়ের হিম বাতাস বয়ে যাওয়ায় আজ হঠাৎ কুয়াশার মাত্রা ও শীতের দাপট বৃদ্ধি পেয়েছে। গতকাল (শুক্রবার) সন্ধ্যা থেকে এ জেলার উপর দিয়ে হিমেল হাওয়া ও কুয়াশা আচ্ছাদিত হয় এবং তা ভোর থেকে আরও তীব্র হয়। বেলা বাড়ার সঙ্গে সূর্যের আলো খানিকটা উঁকি দিলেও উত্তাপ নেই। ফলে কনকনে শীতে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। শীতের কারণে তারা সময় মতো কাজে যোগ দিতে পারছে না। তার মধ্যে অনেকে গরম কাপড়ের অভাবে শীতে কাঁপছে। এ কষ্টে পড়েছে জেলার শ্রমিক, কৃষক, দিনমজুর, ভ্যান ও রিকশা চালকসহ নিম্নআয়ের মানুষ। তাদের দাবি শীত এলেই কষ্ট বাড়ে। জোটে না তেমন কোনো শীতবস্ত্র।











