মেজর সিনহা হত্যা মামলার রায় প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা সরকার আইনের শাসনে বিশ্বাসী। আইন সবার জন্য সমান, অপরাধী যেই হোক না কেন দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করছে। যারা বিচারবিভাগ নিয়ে অহেতুক সংশয় প্রকাশ করে তারা এ রায়ের মাধ্যমে অনেক প্রশ্নের জবাব পেয়ে যাবে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সেতু বিভাগে বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, চলতি বছরের জুন মাসের মধ্যেই বহুল প্রতিক্ষিত স্বপ্নের পদ্মাসেতু যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এরই মাঝে সেতুর মূল কাজ হয়েছে শতকরা ৯৬ ভাগ, আর প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৯০ দশমিক পাঁচ শূন্য ভাগ।
চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের অগ্রগতি শতকরা ৮০ ভাগ সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, এ প্রকল্পের কাজ চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে ।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তিনটি ফেজের মধ্যে এয়ারপোর্টে হতে বনানী পর্যন্ত প্রথম ফেজের কাজ শেষ হয়েছে শতকরা ৭৮ দশমিক পাঁচ শূন্য ভাগ এবং বনানী মগবাজার অংশের অগ্রগতি শতকরা ৩১ ভাগ। এ প্রকল্পের কাজ আরো দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।










