সরকারের সহায়তায় নতুন দল হলে জনগণ মানবে না বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ছাত্ররা দল গঠন করলে স্বাগত জানাই। তবে সরকারে কিছু থাকবেন, আবার কিছু লোক সরকারের সহায়তায় দল গঠন করবেন এটা হতে পারে না। সরকারের লোকজন সংঘাতময় কোনো বক্তব্য দেবেন না।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টর খেলার মাঠে দোয়া মাহফিল ও দরিদ্রদের শীতবস্ত্র এবং শাড়ি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা পালানোর কারণে এখন দম ছেড়ে নিঃশ্বাস নিতে পারছি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশে এখন আতঙ্ক নেই। ১৮ কোটি জনগণের বুকে পাথরের মতো বসে শাসন করেছে হাসিনা। হাসিনা আগেও ষড়যন্ত্র করেছে। দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে এখনও ভালো হয়নি। অনেক মা-বাবার বুক খালি করেও তার কোনও অনুশোচনা নাই।
ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পলাতক হাসিনা সরকারের রুগ্ন অর্থনীতির কারণে এখন বাজারদর বৃদ্ধি পেয়েছে। দক্ষিণখানের গুমের শিকার মুন্নার মা-বাবার কান্না দেখে আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছি। পলাতক হাসিনা দেশে আয়নাঘর সৃষ্টি করে গুম-খুনের রামরাজত্ব কায়েম করেছিল।










