ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের গাড়ি দেখলেই আগুন ধরিয়ে দিবেন। আমি আমার ছাত্র-ভাই বন্ধুদেরকে বলবো, পরবর্তীতে যদি পুলিশের গাড়ি এখানে থাকে আগুন ধরিয়ে দিবেন।
হামলার পর মামলা হলে বলবেন, ডাকসুর ভিপি নুরের গরজে আগুন দিয়েছি। ক্যাম্পাসে পুলিশের গাড়ি থাকবে কেন? এটা কি ক্যান্টনম্যান্ট?
সোমবার ( ১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ চার দফা দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
নুর বলেন, যেকোনো সংকটে সারা দেশের মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে থাকে। এক সময় এমপি-মন্ত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে পায়ের ধুলো নিতেন। আর এখন শিক্ষককেরা পদের জন্য এমপি-মন্ত্রীদের কাছে ধন্না দেয়। এটা আমাদের জন্য লজ্জার। দলীয়করণ করতে করতে রাষ্ট্রের সকল কাঠামোকে আজকে ধ্বংস করে দেওয়া হয়েছে।










