জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেছেন, ক্ষমতা দখলের জন্য আমরা রাজনীতি করতে আসিনি। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে এসেছি। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে যেকেউ তার যোগ্যতা ও সততার ভিত্তিতে জনগণকে নেতৃত্ব দিতে পারবে। এতে তার পারিবারিক পরিচয় মুখ্য হয়ে উঠবে না।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তাসনিম জারা বলেন, এই অধিকার সবার সমান থাকবে। বাংলাদেশ বদলাবে, শিগগিরই বদলাবে, এবার অবশ্যই বদলাবে, আপনাদের হাত ধরেই বদলাবে।
তিনি বলেন, বিগত সময়ের রাজনীতি ছিল ক্ষমতার খেলা, জনগণের সঙ্গে প্রতারণা ও স্বার্থের লেনদেন। আমরা এর অবসান চাই। আগামীর বাংলাদেশ বদলাবে, এবং তা জনগণের হাত ধরেই বদলাবে।
জাতীয় নাগরিক পার্টি স্বাস্থ্য ও শিক্ষাকে পণ্যে পরিণত হতে দিতে চায় না বলেও মন্তব্য করেন তাসনিম জারা।











