spot_img

খামেনি হত্যার প্রতিবাদে বাগদাদে মার্কিন দূতাবাসে হামলার চেষ্টা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবর প্রকাশের পর শত শত ইরাকি বাগদাদের গ্রিন জোনে প্রবেশের চেষ্টা চালায়। এই এলাকাতেই মার্কিন দূতাবাস অবস্থিত।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, এখন পর্যন্ত তাদের এই চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে তারা এখনও গ্রিন জোনে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীদের হাতে ছিল ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর পতাকা। তারা নিরাপত্তা বাহিনীর দিকে পাথর নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে ভিড় ছত্রভঙ্গ করে।

এদিকে স্থানীয় ইরাকি গণমাধ্যম জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ইরান-সমর্থিত একাধিক সশস্ত্র গোষ্ঠী শনিবার ঘোষণা দিয়েছে, তারা ‘নিরপেক্ষ’ থাকবে না এবং ইরানকে রক্ষা করবে।

কাতায়েব হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ ইরাকে বিমান হামলায় তাদের দুই সদস্য নিহত হওয়ার পর তারা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাবে।

অন্যদিকে আজ এরবিল বিমানবন্দরের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে।

সূত্র: বিবিসি উর্দূ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ