শেষ নিশ্বাস থাকা পর্যন্ত মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, বাংলাদেশের জনগণের জন্য নিজের জীবন উৎসর্গ করতে আমি এক মুহূর্তের জন্যও দ্বিধা করি না। শেষ নিশ্বাস থাকা পর্যন্ত মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করবো। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে প্রয়োজনে আমার বাবার (বঙ্গবন্ধুর) মতো জীবন উৎসর্গ করতেও আমি প্রস্তুত।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় কক্সবাজার সৈকতে আয়োজিত ‘উন্নয়নের নতুন জোয়ার : বদলে যাওয়া কক্সবাজার’- শীর্ষক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমগ্র জীবন উৎসর্গ করেছেন মানুষের কল্যাণে। তাকে জীবনে অনেক বাধা ও আক্রমণের মুখোমুখি হতে হয়েছে। তবে জনগণের উন্নতির জন্য কিছু করার কাজে কোনো বাধাই বাধা হতে পারে না।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ আমার সবচেয়ে কাছের ও প্রিয়জন। ১৯৮১ সালে নির্বাসন থেকে দেশে ফেরার পর ঝড়-বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষকে স্বাগত জানাতে দেখেছিলাম। এ দেশের মানুষ আমার সবচেয়ে কাছের এবং তারাই আমার পরিবার। আমি আপনাদের মধ্যে আমার হারিয়ে যাওয়া বাবা, মা ও ভাইয়ের ভালোবাসা ও স্নেহ খুঁজে পেয়েছি।










