জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আফগানিস্তান-সম্পর্কিত পরামর্শ প্রক্রিয়া পরিচালনা ও প্রস্তাবনার খসড়া তৈরির দায়িত্ব চীন গ্রহণ করায় একে স্বাগত জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।
সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আফগানিস্তান-সম্পর্কিত পরামর্শ প্রক্রিয়ার নেতৃত্ব দেওয়া এবং প্রস্তাবনার খসড়া তৈরির দায়িত্ব নেয় চীন। এই দায়িত্ব নিরাপত্তা পরিষদে সংশ্লিষ্ট দেশের বিষয়ে আলোচনা, প্রস্তাবনা ও অন্যান্য নথি তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে বিবেচিত হয়।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ইমারাতে ইসলামিয়া বলেছে, অঞ্চল সম্পর্কে চীনের যথাযথ বোঝাপড়া রয়েছে। একই সঙ্গে আফগানিস্তানের সঙ্গে দেশটির ভালো সম্পর্ক বিদ্যমান।
ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেন, “চীন একটি আঞ্চলিক দেশ। তারা অঞ্চলের পরিস্থিতি খুব কাছ থেকে জানে। দ্বিতীয়ত, আফগানিস্তানের সঙ্গে চীনের ভালো সম্পর্ক রয়েছে। তাই তারা নিরপেক্ষ ও কার্যকরভাবে বিষয়গুলো পর্যালোচনা করতে পারে। সামগ্রিকভাবে এটি অঞ্চল ও আফগানিস্তানের জন্য কল্যাণকর। এর ফলে মাঠপর্যায়ের বাস্তবতার প্রতি আরও বেশি মনোযোগ দেওয়া হতে পারে।”
এর আগে নিরাপত্তা পরিষদ এক প্রতিবেদনে জানায়, আফগানিস্তান বিষয়ে পেনহোল্ডারের দায়িত্ব পেয়েছে চীন। এই দায়িত্বের আওতায় সংশ্লিষ্ট দেশের বিষয়ে পরামর্শ প্রক্রিয়ার নেতৃত্ব দেওয়া এবং প্রস্তাবনা ও অন্যান্য নথির খসড়া তৈরি করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, চীন, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়া আফগানিস্তান ফাইলের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছিল। তবে চীনের নেতৃত্বদায়ী ভূমিকার বিরোধিতা করেছিল আমেরিকা।
সূত্র : তোলো নিউজ











