প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহম্মেদ বলেছেন, কোনোভাবে পরাজিত শক্তির যদি উত্থান হয়, তাহলে কেউ স্থির থাকতে পারবেন না। কেউ নিরাপদ থাকতে পারবেন না।
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় নাটোর শহরের আলাইপুরে জেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে জেলা পরিষদের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বিএনপি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে। তিনি বলেন, ‘কলঙ্ক ও মিথ্যা কথার পরিবেশ তৈরি করবেন না। এতে আপনারা হয়তো মনে করছেন বিএনপির ক্ষতি করছেন। কিন্তু আপনারা প্রকারন্তে নিজেরাই নিজেদের গর্ত তৈরি করছেন, তা আপনারা টের পাচ্ছেন না।’
তিনি বলেন, বিপদ কিন্তু বিএনপির হবে না। বিপদ আপনাদের দিকেও ভয়াবহভাবে ধেয়ে আসতে পারে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার শরিফুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব প্রমুখ।










