spot_img

পশ্চিম তীরে ফিলিস্তিনি কবরস্থানে ভাঙচুর চালিয়েছে দখলদার ইসরাইলিরা

ইসরাইলের দখলকৃত পশ্চিম তীরের তাল গ্রামের কাছে একটি মিছিল চলাকালে ফিলিস্তিনিদের একটি কবরস্থানে ব্যাপক ভাঙচুর চালিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা। একই সময়ে অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় পৃথক ইসরাইলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বসতি স্থাপনকারীরা কবরস্থানে তাণ্ডব চালিয়ে মৃত ফিলিস্তিনিদের স্মরণে নির্মিত স্মৃতিফলক ও পাথরের কাঠামো ভেঙে চুরমার করে দিয়েছে।

তাদের অভিযোগ, ইসরাইলি বসতি স্থাপনকারীদের ওই মিছিলে সরাসরি সুরক্ষা দিচ্ছিল ইসরাইলি সামরিক বাহিনী। বসতি স্থাপনকারীদের তাণ্ডবের প্রতিবাদ করতে গেলে ফিলিস্তিনিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ইসরাইলি সেনারা।

এ ছাড়া ফিলিস্তিনিদের ১২০ বছরের পুরোনো একটি বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দখলদার ইসরাইল। ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র গঠনের ঘোষণা, যা ফিলিস্তিনিদের কাছে নাকবা হিসেবে পরিচিত, তার অন্তত ৪০ বছর আগে বাড়িটি নির্মিত হয়েছিল।

ফিলিস্তিনিদের অভিযোগ, তাদের নিজস্ব মাতৃভূমিতে ফিলিস্তিনি ইতিহাস, ঐতিহ্য ও প্রাচীন সংস্কৃতি পুরোপুরি মুছে ফেলার ত্বরান্বিত ও পরিকল্পিত প্রচারণার অংশ হিসেবে ঐতিহাসিক স্থাপনাটি ভেঙে দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম এজে প্লাসের দেওয়া তথ্যের বরাতে ঐতিহাসিক এই নিদর্শনের ওপর ইসরাইলি ধ্বংসযজ্ঞের বিস্তারিত প্রকাশ করা হয়েছে।

এদিকে গাজাভিত্তিক ফিলিস্তিনি রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হামাস ‘গাজা বোর্ড অব পিস’ বা শান্তি পরিকল্পনার আওতায় অস্ত্র সমর্পণে রাজি হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই উপত্যকাজুড়ে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, মধ্য গাজ্জার সালাহ আল-দিন সড়কে ইসরাইলি বিমান হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল-আকসা মার্টার্স হাসপাতালের চিকিৎসকেরাও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পৃথক আরেকটি হামলায় গাজ্জা শহরের সাবরা এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। জরুরি উদ্ধার পরিষেবার একটি সূত্রের বরাতে আল জাজিরাও এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, শুক্রবার ইসরাইলি পুলিশ ও সামরিক বাহিনীর সুরক্ষায় বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরের আল-মুঘাইয়্যির গ্রামে হামলা চালায়। এ সময় তাদের ছোড়া গুলি ১০ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশুর শরীরে বিদ্ধ হলে সে গুরুতর আহত হয়।

ওয়াফার অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, নাবলুসের দক্ষিণে খাওয়ার্তা তল্লাশিচৌকির কাছে এক ফিলিস্তিনি পুরুষকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করেছে ইসরাইলি বাহিনী।

নাবলুসে ফিলিস্তিন রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স ও জরুরি সেবাকেন্দ্রের পরিচালক আমজাদ আহমেদ জানান, ইসরাইলি বাহিনীর হামলায় আহত ২২ বছর বয়সী এক যুবককে তাদের উদ্ধারকারী দল প্রাথমিক চিকিৎসা দিয়েছে।

গত সপ্তাহে নাবলুসের কাছে তাল গ্রামে বসতি স্থাপনকারীদের এক রক্তক্ষয়ী হামলায় চার ফিলিস্তিনি ও দুই ইসরাইলি নিহত হন। ওই ঘটনার পর থেকে এলাকায় প্রায় প্রতিদিনই রাতভর অভিযান ও গ্রেপ্তার চালাচ্ছে ইসরাইলি সামরিক বাহিনী।

সূত্র: এজে প্লাস, ওয়াফা ও আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ