spot_img

ডিসেম্বরে হাসিনার দেশে ফেরার কথা রাজনৈতিক ভাওতাবাজি: ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, শুধু দলীয় কর্মীদের চাঙ্গা রাখতেই চলতি বছরের ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথা বলা হয়েছে। এটি নিষিদ্ধ দল আওয়ামী লীগের একটি রাজনৈতিক ভাওতাবাজি।

শনিবার (১ আগস্ট) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ‘জুলাই হত্যাকাণ্ডের দায়’ শীর্ষক এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত ছায়া সংসদে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল ভুল ছিল। গণতন্ত্রের পরিবর্তে তারা ফ্যাসিবাদের দিকে ধাবিত হয়েছিল। মুক্তিযুদ্ধকে বিক্রি এবং এক ব্যক্তির পূজার মাধ্যমে তারা ক্ষমতায় টিকে ছিল।

তিনি বলেন, জুলাই গণহত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগের চূড়ান্ত রাজনৈতিক, সামাজিক ও নৈতিক পরাজয় হয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলেও দলটি গ্রহণযোগ্যতা হারিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী গোষ্ঠী সামাজিকভাবে লুকিয়ে থাকলেও তাদের দোসররা প্রশাসন, ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন পর্যায়ে অবস্থান করছে।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। জুলাই গণহত্যার দায়ে দলটির রাজনীতিতে পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের আগেই আওয়ামী পরিবারের সদস্যরা দেশ ছেড়ে কাপুরুষের পরিচয় দিয়েছেন। আমাদের মধ্যে যতই বিভেদ থাকুক, গণঅভ্যুত্থানের সব পক্ষ ঐক্যবদ্ধ না থাকলে আওয়ামী লীগের ফিরে আসার শঙ্কা রয়েছে।

ইশরাক হোসেন বলেন, গণতন্ত্রের স্বার্থে ফ্যাসিবাদবিরোধী ঐক্যই জুলাইয়ের চেতনাকে সুরক্ষিত করবে। জুলাইয়ের ঐক্যে ফাটল ধরলে ফ্যাসিবাদী শক্তির উত্থানের শঙ্কা রয়েছে। ছোটখাটো ইস্যু নিয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বাকবিতণ্ডা চলছে, তা অপ্রত্যাশিত।

ফ্যাসিবাদবিরোধী ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রে অস্থিতিশীলতা তৈরির লক্ষ্যে দেশি-বিদেশি অপশক্তি তৎপর রয়েছে। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে তারা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার অপচেষ্টা করছে।

তিনি বলেন, জুলাইয়ের চেতনাকে ব্যর্থ করার অপচেষ্টা প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনীতিতে মত ও দ্বিমত থাকবে। তবে সেই মতপার্থক্য যাতে বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিহিংসায় রূপ না নেয়, তা দল-মত নির্বিশেষে প্রত্যেককে খেয়াল রাখতে হবে।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছে।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থান শুধু আওয়ামী লীগ সরকারের পতনের ঘটনা ছিল না। জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক, সামাজিক, নৈতিক ও আদর্শিক পরাজয় ঘটেছে। এই হত্যাকাণ্ডের দায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কোনোভাবেই এড়াতে পারেন না। জুলাইয়ের প্রতিটি হত্যাকাণ্ডই তার সম্মতিতে হয়েছে।

কিরণ আরও বলেন, ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যে চালানো জুলাই হত্যাকাণ্ডের নিষ্ঠুরতা ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকবে।

‘জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় গণবিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা বিজয়ী হন।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলগুলোর হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ