বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সম্প্রতি সারা দেশে যতগুলো হামলা চালানো হয়েছে তা রাজনৈতিক।
সোমবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, সরকার পুলিশের সোর্স অব ইনকাম বাড়াতে চায় বলে বিভিন্ন ঘটনা ঘটিয়ে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে, গ্রেফতার করছে। পৃথিবীর কোনো দেশে সরকার তার কর্মকর্তাদের ঘুষ দেয় না, কিন্তু তারা দিয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ নিষ্ঠার সাথে যে যার ধর্ম পালন করে। মৌলবাদের তকমা দিয়ে জাতিকে অপমান করা হয়েছে।
তিনি আরো বলেন, বুলু বা বিএনপির কোনো নেতা হামলা করেনি। এটা সরকার, পুলিশ এবং সাধারণ মানুষ জানে। ১৮ কোটি মানুষ জানে। এসব নাটক মানুষ বিশ্বাস করে না। এবার ক্ষমতা হারালে ৪২ বছর আওয়ামী লীগের নাম নেওয়ার লোক থাকবে না। তাই বলি, শুটিং নাটক বন্ধ করুন।










