সৌদি আরবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় খ্রীষ্টানদের হ্যালোইন উৎসব পালনের মাধ্যমে বর্তমান দেশের ক্ষমতাসীন শাসক গোষ্ঠী ইসলামের আদর্শের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
তিনি বলেন, ইসলামের ঐহিত্যমন্ডিত দেশ সৌদি আরবে খ্রীষ্টানদের হ্যালোইন উৎসব পালনের নিন্দা জানাই।
সোমবার (৩১ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, সৌদি আরবে খ্রীষ্টানদের হ্যালোইন উৎসব পালন করে বিশ্বের মুসলিম উম্মাহকে ব্যথিত ও মর্মাহত করেছে। উৎসবে অংশগ্রহণকারীদের অনেককেই বিচিত্র সব সাজে দেখা গেছে। উৎসবে আগতরা সৌদি ও স্থানীয় বাসিন্দাদের ডিজাইন করা কস্টিউম পরেন। অনেকে পরিবার নিয়ে যোগ দেন । এর মূল উদ্দেশ্য ছিল মজা, রোমাঞ্চ এবং যৌন উত্তেজনাকর পরিবেশ তৈরি করা। যা ইসলামে সম্পূর্ণ হারাম।
তিনি বলেন, ইসলামের বিধি-বিধানের ক্ষেত্রে অনেকেই সৌদি আরবকে অনুসরণ করে থাকেন। ইসলামবিদ্বেষী হ্যালোইন উৎসব পালনে সাধারণ মানুষকে ইসলাম থেকে দূরে সরানোর কোন পরিকল্পনাও থাকতে পারে।
মহাসচিব বলেন, এই উৎসবে আতশবাজির আয়োজন করা হয় যা ইসলামে গ্রহণযোগ্য নয়। হ্যালোইন উৎসবের থিম হলো ‘হাস্যরস ও উপহাসের সাহায্যে মৃত্যুর ক্ষমতার মুখোমুখি হওয়া। এভাবেই ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়ে মানুষকে আল্লাহবিমুখ হিসেবে গড়ে তোলার চক্রান্ত হচ্ছে। ইসলামের ঐতিহ্যমন্ডিত সৌদি আরবকে এধরনের ইসলামবিরোধী কর্মকান্ড থেকে বিরত থাকার আহ্বান জানাই।










