রাজধানীর রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী মাঈনুদ্দিনের মৃত্যুকে কেন্দ্র করে বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২টি মামলা করেছে পুলিশ। মামলা দুটিতে অজ্ঞাত আট শ’ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুটি মামলা করা হয় বলে নিশ্চিত করেছে রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম।
তিনি জানান, বাসচাপায় শিক্ষার্থী মাঈনুদ্দিন নিহত হওয়ার পর উত্তেজিত জনতা কয়েকটি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। এ ঘটনায় পুলিশ দুটি মামলা করেছে। একটি মামলায় আড়াইশ থেকে তিন শ’ জন এবং অপরটিতে চার শ’ থেকে পাঁচ শ’ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এ ছাড়া নিহত শিক্ষার্থীর মা রাশেদা বেগম নিরাপদ সড়ক আইনে একটি মামলা করেছেন। এ মামলায় অনাবিল পরিবহনের বাস চালককে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান ওসি।











