দেশ ও দশের কল্যাণে সামাজিক আন্দোলনে তরুণদেরকেই নেতৃত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মুহাম্মাদ আতিকুল ইসলাম।
শনিবার (১ জানুয়ারি) বিকালে রাজধানীর বনানী বিটিসিএল মাঠে বিডি ক্লিন আয়োজিত আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মেয়র আতিক বলেন, প্রতিটি তরুণই সম্ভবনাময়, প্রতিটি তরুণই চেইঞ্জ মেকার। তরুণরা রুখে দাঁড়ালেই সমাজ থেকে সকল অন্যায় ও অবিচার উঠে যাবে। তাই দেশ ও দশের কল্যাণে সামাজিক আন্দোলনে তরুণদেরকেই নেতৃত্ব দিতে হবে।
স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি আরও বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়েই দেশপ্রেমিক তরুণরা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, প্রিয় মাতৃভূমিকে করেছিল শত্রুমুক্ত, যার ফলে অর্জিত হয় লাল-সবুজের পতাকার স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ।










