ছাত্রদের নতুন রাজনৈতিক দল থেকে সাবধান থাকতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
আজ রোববার (২ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘এখন নতুন দল এসেছে, আপনারা সাবধান থাকবেন। আমি কিন্তু তাদের স্লোগান বুঝি না। আমি কিন্তু বুঝি নাই কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে। আমি এখনো বুঝি নাই সেকেন্ড রিপাবলিক কী। কী বোঝায়, আপনার বুঝেছেন কি না জানি না? অর্থাৎ একটা উসিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। দয়া করে খেয়াল রাখবেন।’
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ডেনি, অমলেন্দু অপু, জন গোমেজ প্রমুখ।
লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।











