spot_img
spot_img

মুক্তিযুদ্ধের ইতিহাস ৫০ শতাংশও উত্থাপিত হয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‌মুক্তিযুদ্ধের ইতিহাস ৫০ শতাংশও উত্থাপিত হয়নি। আমাদের আশপাশে যেসব মুক্তিযোদ্ধা জীবিত আছেন, তাদের গল্প শুনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস খুঁজে বের করতে হবে।

রবিবার (০২ এপ্রিল) দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও পল্লী সঞ্চয় ব্যাংকের ঋণগ্রহীতাদের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। একই সময়ে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধভিত্তিক প্রশ্নোত্তর প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী।

চারঘাটের মুক্তিযোদ্ধাদের গৌরবময় ইতিহাস আছে, জাতির কাছে তা তুলে ধরতে হবে বলেও উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ১৯৭১ সালের ১৩ এপ্রিল চারঘাটের থানাপাড়ায় আক্রমণ করেছিল পাকিস্তানি বাহিনী। সেদিন থানাপাড়ার পুরুষদের পদ্মা পাড়ে নিয়ে হত্যা করেছিল, নারীদের বিধবা করেছিল তারা। কাজেই চারঘাটের মুক্তিযুদ্ধের আরও অনেক অজানা ইতিহাস মানুষের কাছে তুলে ধরতে হবে।

মহান স্বাধীনতা দিবসে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধভিত্তিক ব্যতিক্রমী প্রশ্নোত্তর প্রতিযোগিতার আয়োজন করায় উপজেলা প্রশাসনের প্রশংসা করেন প্রতিমন্ত্রী। শাহরিয়ার আলম বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে আমাদের প্রয়োজন দেশপ্রেমিক নাগরিক। সেজন্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আগামী প্রজন্মকে জানাতে এ উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দেওয়া যেতে পারে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্বাধীনতা দিবসে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ সোহরাব হোসেন এ পরীক্ষার আয়োজন করেন। এর অংশ হিসেবে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১৭ হাজার প্রশ্নপত্র পাঠানো হয়। শিক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিলি করে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠান।

দেশপ্রেম ও মুক্তিযুদ্ধভিত্তিক ১৭টি প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছিল প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে গত মার্চ মাসে পরীক্ষা দিয়েছিল চারঘাট উপজেলার ৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের মধ্যে থেকে ২৭৯ জনকে পুরস্কারের জন্য নির্বাচন করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ