কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ জাতীয় সংসদে জ্বালানি তেলের সংকট নিয়ে প্রশ্ন তুলেছেন।
তিনি বলেন, দেশে জ্বালানি সংকট না থাকার দাবি করা হলেও বাস্তবে বিভিন্ন পেট্রল পাম্প বন্ধ হয়ে যাচ্ছে এবং তেলের জন্য রাস্তায় দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, জনগণ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না এবং সরকারের এই বিষয়টি এড়িয়ে যাওয়ার সমালোচনা করেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর কাছে এই প্রশ্ন করেছেন হাসনাত।
হাসনাত বলেন, ‘বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেছিলেন যে, দেশে কোনো জ্বালানি সংকট নেই। কিন্তু আমরা দেখতে জ্বালানি সংকটের কারণে দেশের বিভিন্ন পেট্রল পাম্প একের পর এক বন্ধ হচ্ছে। তেলের জন্য রাস্তায় দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। মন্ত্রী কি দেখতে পাচ্ছেন না? কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্র্যাজুয়ালি পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমরা দেখছি যে রাস্তায় রাইডের গাড়ির দীর্ঘ সারি এবং আমরা বারবার করে দেখতে পারছি যে সবাই প্রত্যাশিত সেবা পাচ্ছে না। কিন্তু দুঃখজনক বিষয়, সরকার এই বিষয়টি এড়িয়ে যাচ্ছে।’
জবাবে মন্ত্রী বলেন, দেশে জ্বালানি সংকটের দাবি সঠিক নয়। তিনি জানান, প্রতিটি পাম্পে প্রয়োজন অনুযায়ী প্রতিদিন তেল সরবরাহ করা হচ্ছে।
জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ভাষ্য, ‘প্রতিটি পাম্পে যে পরিমাণ তেল প্রয়োজন তা প্রতিদিন যথাযথভাবে সরবরাহ করা হচ্ছে। তবে ইরানের ঘটনার পর বিক্রি হঠাৎ বেড়ে গেছে। এর ফলে আগে যে তেল এক দিন বা দেড় দিনে বিক্রি শেষ হতো, এখন তা দুই ঘণ্টায় শেষ হচ্ছে। তাই প্যানিক বায়িংয়ের কারণে লাইনে দাঁড়ানো দেখা যাচ্ছে। তবে তেলের সাপ্লাই প্রতিদিন করা হচ্ছে।’










