ইমারাতে ইসলামিয়ার পাকতিয়া প্রদেশে পাকিস্তান থেকে আফগানিস্তানে আসা অস্ত্রের চালান জব্দ করেছে আফগান নিরাপত্তা বাহিনী। এতে রয়েছে ১০টি ব্রেটা রাইফেল ও ১,০০০ রাউন্ড গুলি।
পাকতিয়া পুলিশ সদর দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ডান্ড পাতান জেলার জান্দো এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, কয়েকদিন আগেও একই ধরনের আরেকটি অভিযান চালানো হয়। তখন পাকতিয়া প্রদেশের চামকানি জেলার শহরে নও এলাকায় আফগান নিরাপত্তা বাহিনী ৫৮টি রাইফেল এবং অনির্দিষ্ট পরিমাণ গোলাবারুদ উদ্ধার ও জব্দ করে। সেসব অস্ত্রও পাকিস্তান থেকে চোরাচালান করে আনা হয়েছিল বলে জানানো হয়।
সূত্র: হুরিয়াত রেডিও











