spot_img
spot_img

জনসচেতনতা ও জনমত গঠনে সংবাদপত্র কাজ করে : স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গণমাধ্যম জনগণের কথা বলে। জনসচেতনতা ও জনমত গঠনে সংবাদপত্র কাজ করে থাকে। গণমাধ্যম গণতন্ত্রকে সুসংহত করে।

তিনি গতকাল শনিবার (১ জুন) রাজধানী ঢাকার গুলশান ক্লাবের ক্রিস্টাল প্যালেস হলে নিউজপেপার ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সংবাদপত্র সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্পিকার বলেন, জাতি বিনির্মাণে সংবাদপত্রের অবদান অনস্বীকার্য। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে ‘৬৬ এর ছয় দফা, ঊনসত্তরের গণ অভ্যুত্থান এবং ‘৭১ এর মহান মুক্তিযুদ্ধের পথ পরিক্রমায় সংবাদপত্র গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে উন্নীত এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগী ভূমিকা আবশ্যক।

শিরিন শারমিন চৌধুরী বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সংবাদপত্র জনমত গঠনে ভূমিকা পালন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারের সময়ে সংবাদপত্রের পথ চলা সহজ করেছেন। প্রচুর সংখ্যক অনলাইন নিউজ পোর্টাল ও বেসরকারি টিভি চ্যানেলকে অনুমোদন দিয়ে বর্তমান সরকার মিডিয়া বান্ধব পলিসি গ্রহণ করেছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইনের মাধ্যমে সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে নোয়াবের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। অনুষ্ঠানে সংসদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ, দৈনিক পত্রিকার সম্পাদকমন্ডলী, গণমাধ্যমকর্মী, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ