spot_img
spot_img

রাশিয়ার সঙ্গে আফগানিস্তানের বাণিজ্য প্রায় দ্বিগুণ বেড়েছে

রাশিয়ার সঙ্গে আফগানিস্তানের বাণিজ্যিক সম্পর্কে বড় অগ্রগতি হয়েছে। আফগান বর্ষপঞ্জির ১৪০৩ সালের তুলনায় ১৪০৪ সালে, অর্থাৎ ২০২৪-২৫ সময়কালের তুলনায় ২০২৫-২৬ সময়কালে দুই দেশের বাণিজ্য প্রায় দ্বিগুণ হয়েছে।

আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের মোট মূল্য ২৯৬ মিলিয়ন ডলার থেকে বেড়ে ৫৯০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এতে স্পষ্ট, আফগানিস্তান ও রাশিয়ার মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে।

তবে এই প্রবৃদ্ধি সত্ত্বেও দুই দেশের বাণিজ্য কাঠামো এখনো ভারসাম্যহীন। মোট বাণিজ্যের বড় অংশই আমদানিনির্ভর। বিপরীতে রাশিয়ায় আফগানিস্তানের রফতানি এখনো খুব সীমিত। এর পরিমাণ প্রায় ৫ মিলিয়ন ডলার।

আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আখুন্দজাদা আবদুস সালাম জাওয়াদ বলেন, “রাশিয়ায় আফগানিস্তানের রফতানি পণ্যের মধ্যে রয়েছে কিশমিশ, ডালিম, চেরি, অ্যালকোহলমুক্ত পানীয়, খনিজ পাথর, শুকনা এপ্রিকট, আপেল, বিভিন্ন ঔষধি উদ্ভিদ ও তরমুজ। অন্যদিকে প্রাকৃতিক গ্যাস, পেট্রোল, ডিজেল জ্বালানি, কাঠ, কাঁচা ছোলা ও সূর্যমুখী তেল রাশিয়া থেকে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ আমদানি পণ্যের মধ্যে রয়েছে।”

এদিকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের উন্নতির কথা তুলে ধরে আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট বলেছে, এই প্রবৃদ্ধিকে কাজে লাগাতে রফতানি বাড়াতে হবে। একই সঙ্গে দেশীয় পণ্যের জন্য আরও শক্তিশালী সহায়তা নিশ্চিত করতে হবে।

চেম্বারের নির্বাহী বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ওয়ালী আমিনী বলেন, “সৌভাগ্যবশত রাশিয়ার সঙ্গে আমাদের বাণিজ্য বাড়ছে এবং এটি ঊর্ধ্বমুখী ধারায় এগিয়ে যাচ্ছে। রাশিয়া আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদার হয়ে উঠতে পারে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণ এবং বাণিজ্যের পরিমাণ বাড়াতে বর্তমানে প্রচেষ্টা চলছে।”

সাম্প্রতিক বছরগুলোতে মস্কো কাবুলের সঙ্গে সম্পর্ক শুধু রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগের মধ্যে সীমিত রাখেনি। বাণিজ্য, ট্রানজিট ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও এই সম্পর্ক বিস্তৃত হয়েছে।

এই ধারা দুই দেশের মধ্যে বাণিজ্যিক বিনিময় বৃদ্ধির বিষয়টি স্পষ্ট করছে। তবে বিশ্লেষকরা মনে করেন, বাণিজ্যে ভারসাম্য আনা এবং আফগানিস্তানের রফতানি শক্তিশালী করতে আরও বাস্তবধর্মী পদক্ষেপ নিতে হবে।

সূত্র : টোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ