spot_img
spot_img

জুলাই নিয়ে নিলোফার বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান ছাত্রদল সভাপতির

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির দেওয়া বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম।

সম্প্রতি এক টেলিভেশন টকশোতে নিলোফার বলেন, বাংলাদেশ পুলিশে স্নাইপার নাই। এই স্নাইপার বাইরে থেকে আসছে। পুলিশের কাছে স্নাইপার ছিল না।

এ কথার প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বার্তায় নিলোফার এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানান রাকিব।

রাকিব বলেন, প্রিয় নিলোফার চৌধুরী মনি আপা, এমপি, আপনি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের সারথি ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য ভূমিকা রয়েছে। কিন্তু গতকাল টকশোতে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত এবং ক্ষুব্ধ। আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। আমরা অবগত রয়েছি, আপনি জুলাইয়ের চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। সেহেতু জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান নিয়ে বক্তব্যে আপনি আরও বেশি সংযত হবেন ও শ্রদ্ধা প্রদর্শন করবেন—সেই প্রত্যাশা করি।

টকশোতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে রাখা বক্তব্যে নিলোফার চৌধুরী মনি বলেন, এই আন্দোলনে কারা যে মেইন (প্রধান) ছিল তা কেউ জানে না। একজন আরেকজনকে চেনে না। পাশে হাঁটতে গেছে, আন্দোলনে গেছে, পাশের আরেকজন পড়ে গেছে, মনে করছে যে সে নরমাল পড়েছে, আসলে সে মারা গেছে। গুলিটা সামনে থেকে আসছে না পিছন থেকে আসছে, সেটাও জানে না। গুলির কোনো শব্দ হয় নাই। স্নাইপারের গুলি ছিল, অনেকেই যারা পড়ে গেছে।

উপস্থাপিকার জুলাই-আগস্ট আন্দোলন ডিজাইন ছিল, কোনো ষড়যন্ত্র? – এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিজাইন তো অবশ্যই ছিল তবে ষড়যন্ত্র ছিল কিনা তা জানি না। এটাও সত্যি, শুধুমাত্র যারা আন্দোলনে ছিল (আন্দোলন) যে কেবল তাদের হাতেই ছিল তা কিন্তু না। অনেক কিছু না জেনে তারা আবেগে এসেছিল, অন্যায়ের প্রতিবাদে এসেছিল। তারা একজন আরেকজনকে চিনে না।

এভাবে আলাপ চালিয়ে যাওয়ার এক পর্যায়ে তিনি বলেন, আমার নিজের কাছে অনেক প্রশ্নের উত্তর নাই। আমি যেহেতু দুইটা কথা বলি। অনেক কিছু আমি স্টাডি করার চেষ্টা করেছি, কিন্তু একটা জায়গায় যেয়ে আর কোনো উত্তর নাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ