ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে আমেরিকা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। এতে শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৩ জন।
বুধবার (২ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে জানায়, সিরিক কাউন্টির বান্দার কুহেস্তাক শহরের একটি আবাসিক ভবনে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পর ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষ ভবনটিতে আঘাত হানে। এতে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।
ইরানের একটি সরকারি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে ঘটনাস্থলে ব্যাপক ধ্বংসাবশেষ ও ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। ভিডিওতে আহতদের আর্তচিৎকারও শোনা গেছে বলে জানানো হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, বুধবার ভোরে কুহেস্তাক শহরের একটি আবাসিক ভবনে হামলাটি চালানো হয়। ইরানের প্রেস টিভিও অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর জানিয়েছে।
সিরিক কাউন্টির গভর্নর রেজা শহিদিয়ান রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে জানান, হামলায় আরও ৬৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫০ জন নারী ও শিশু রয়েছেন। তাদের মিনাব শহরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা স্থিতিশীল বলেও জানানো হয়েছে।
ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি হামলা থেকে বেঁচে যাওয়া এক শিশুর বক্তব্যও প্রকাশ করেছে। শিশুটি জানায়, অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পরপরই একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এরপর ধ্বংসাবশেষের আঘাতে অনেকে আহত হন।
এদিকে আমেরিকার সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের সামরিক স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সামুদ্রিক সক্ষমতা, মাইন স্থাপনের সক্ষমতা ও যোগাযোগকেন্দ্রে নতুন করে হামলা চালিয়েছে।
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন সেনাদের বিরুদ্ধে ইসলামিক বিপ্লবী গার্ড কোরের হামলার চেষ্টার জবাবে এসব অভিযান চালানো হয়েছে বলে দাবি মার্কিন বাহিনীর।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, সিরিকের হামলার জবাবে বুধবার ভোরের দিকে জর্ডানের আকাবায় মার্কিন মেরিন ঘাঁটি ক্যাম্প টিটিনে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আইআরজিসি বলছে, সিরিকের বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
এ ছাড়া জর্ডান, বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্বার্থে ইরানের হামলার খবরও পাওয়া গেছে।
জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ১৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির আকাশসীমায় প্রবেশ করে। এর মধ্যে ১০টি ধ্বংস করা হয়েছে। বাকি তিনটি জনবসতি থেকে দূরের এলাকায় গিয়ে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।











