spot_img
spot_img

হরমুজে সৌদি তেলবাহী জাহাজে হামলা, নিহত ২ নাবিক

হরমুজ প্রণালি অতিক্রম করার সময় সৌদি আরবের একটি তেলবাহী জাহাজে হামলায় অন্তত দুই নাবিক নিহত হয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) সৌদি আরবের জাতীয় জাহাজ কোম্পানি ‘বাহরি’ এ তথ্য নিশ্চিত করেছে। নিহত দুই নাবিকই ফিলিপাইনের নাগরিক।

রয়টার্সের প্রতিবেদনে সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক ব্রিটিশ সংস্থা ইউকেএমটিওর বরাত দিয়ে জানানো হয়, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সৌদি তেলবাহী জাহাজটিতে তিনটি অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হানে। তবে হামলার ধরন বা কারণ নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি সৌদি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি।

এর আগে পূর্বানুমতি ছাড়া সংবেদনশীল ও সংকীর্ণ এই জলপথ পার হওয়ার চেষ্টা করা তেলবাহী জাহাজগুলোকে লক্ষ্য করে হুমকি দিয়েছিল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

এক বিবৃতিতে বাহরি জানিয়েছে, জাহাজটির কর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সামুদ্রিক খাতের অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, এর এক মাস আগেও হরমুজ প্রণালির কাছে ওমানের উপকূলের পাশ দিয়ে চলার সময় বাহরির ‘ওয়াদিয়ান’ নামের একটি সুপারট্যাংকার হামলার শিকার হয়েছিল। এ ছাড়া ইরান-সমর্থিত ইয়েমেনের হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করার পর লোহিত সাগরে প্রতিষ্ঠানটির ‘আমজান’ ও ‘মাসা’ নামের আরও দুটি জাহাজে হামলার ঘটনা ঘটে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ