দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দেওয়ার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেছেন, সাধারণ মানুষের জন্য প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করাই হতে হবে মূল লক্ষ্য। বিশেষ করে দরিদ্র মানুষের জন্য প্রযুক্তি ও আর্থিক সেবা সহজলভ্য করতে হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ডিজিটাল আর্থিক সেবা প্ল্যাটফর্ম ‘জিপে’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বলেন, ‘জিপে’র লক্ষ্য মানুষকে অর্থ বহনের ঝুঁকি ও ভয় থেকে মুক্তি দেওয়া। এখন আর হাতে টাকা বহন করার প্রয়োজন হবে না। নোট ও কাগজপত্র নিয়ে মানুষের যে দুশ্চিন্তা থাকে, তা অনেকটাই কমানো সম্ভব হবে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের কাছে যে সার্ভিস নিয়ে যেতে পারব, সেখানেই সাফল্য। বড়লোকের বহু আয়োজন থাকে, কিন্তু গরিবের নেই। গরিবের জন্য যেন প্রযুক্তি থাকে, সার্ভিস থাকে, সেই লক্ষ্যে কাজ করতে হবে। দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে।











