বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার ওয়ারেন্ট ইস্যু করে কোনো লাভ নেই। কারণ তারা এসব মামলায় ভয় পান না। সরকারের দুর্নীতির বিরুদ্ধে আমাদের দুর্বার লড়াই চালিয়ে যেতে হবে। আর এ লড়াই খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য নয়; এটা দেশবাসীর জন্য।
বুধবার (২ নভেম্বর) দুপুরে বগুড়া শহরের শহিদ টিটু মিলনায়তনে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, অবৈধ সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। ঘুস ছাড়া কোথাও কোনো কাজ হয় না। আওয়ামী লীগের কাছে মানুষের কোনো সম্মান নেই। লুট করে বিদেশে টাকা পাচার করে দেশকে ভাগাড়ে পরিণত করেছে। এখন প্রধানমন্ত্রী নিজেই বলছেন, দেশে দুর্ভিক্ষের পদধ্বনির কথা।
তিনি বলেন, দেশে এখন আর কোনো নির্বাচন নিয়ে খেলা হবে না। আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করতে হবে। অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। গঠিত নতুন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে।
বিএনপি মহাসচিব আরও বলেন, আমরা অধিকার আদায়ের সংগ্রামে পাঁচ নেতাকে হারিয়েছি। ৬০০ জনের বেশি নেতাকর্মীকে গুম করা হয়েছে। আরও অনেককে হত্যা করা হয়েছে। মিথ্যা মামলায় খালেদা জিয়াকে গৃহবন্দি ও তারেক রহমানকে নির্বাসিত করা হয়েছে। তাই আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি।










