সৌদি আরবের উপকূলের কাছে পারস্য উপসাগরে চলাচলকারী একটি ট্যাংকারে হামলা হয়েছে। এতে জাহাজটির বাম পাশে দুই অজ্ঞাত বস্তুর আঘাত লাগে। তবে ট্যাংকারটির সব নাবিক নিরাপদে আছেন এবং কোনো পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সোমবার (২ নভেম্বর) ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশনস (UKMTO) জানায়, রোববার (১ নভেম্বর) রাত ১১টা ৪৭ মিনিটে (জিএমটি) সৌদি উপকূলীয় শহর খাফজির প্রায় ১৩৩ কিলোমিটার পূর্বে ট্যাংকারটিতে আঘাত হানা হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্যাংকারটি দক্ষিণ-পূর্ব দিকে যাচ্ছিল। এ সময় দুটি অজ্ঞাত বস্তু জাহাজটির বাম পাশে আঘাত করে। ঘটনার পর ট্যাংকারের সব নাবিকের অবস্থান নিশ্চিত করা হয়েছে।
তবে কী ধরনের বস্তু দিয়ে ট্যাংকারটিতে আঘাত করা হয়েছে এবং কারা এ হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
সূত্র: রয়টার্স











