বিএনপি নেতাদের উদ্দেশ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ভোটের মাঠে না থেকে ভোট হতে দেবো না- এমন ধমক না দিয়ে আসেন, আলোচনা করেন। নির্বাচনে বসেন। ভয় দেখিয়ে কাজ হবে না। গ্রামের মানুষ এসব বুঝে গেছে বলে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে “হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় গৃহীত স্কিম সংক্রান্ত ” মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দায়বদ্ধ, উনার দেশপ্রেম আছে। অধ্যবসায় আছে এবং তিনি একটানা ১২ বছর কাজ করতে পারছেন। আপনারা কথায় কথায় সিঙ্গাপুর, কোরিয়ার উদাহারন দেন। সেই সকল দেশের নেতারা ৩০ থেকে ৩৫ বছর একটানা কাজ করে তাদের দেশকে এই পর্যায়ের নিয়ে গেছে।
তিনি বলেন, মাহথির মুহাম্মাদের প্রশংসা করেন আমাদের সুশীল সমাজ। তারা চা-কফি, স্যান্ডোইজ খেয়ে ঠান্ডা ঘরে বসে অনেক উদাহরন দেন। এই নির্বাচন খারাপ, আচরণ ভালো না। ভালো যেটা না অবশ্যই বলবেন। আমরা ভালো করার চেষ্টা করবো। সত্য হলো- মানুষের প্রায়োরটি অধিকার না ভাত? তাদের অধিকারই ভাত। আগে ভাত তারপর অন্যান্য অধিকার। আমাদের সরকার অর্থনৈতিক উন্নয়নের কাজ আগে করছে।










