ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, ৯০ ভাগ মুসলমানের দেশ ইসলাম অনুসারে চলবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইসলামের কথা বললেই একদল ভয় দেখায়। দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা দুর্নীতি, চাঁদাবাজী ও সন্ত্রাস করতে পারবে না বলেই ইসলামী শাসন সম্পর্কে ভীতি ছড়ায়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ইসলামী শাসনের অধীনের মানুষ সত্যিকারের শান্তিতে ছিল। বাংলাদেশেও চরমোনাইয়ে অমুসলিমরা মায়ের কোলের মতো নিরাপদে আছে বলে সাক্ষ্য দিচ্ছে। তাই ৫৪ বছরের ব্যর্থতার গ্লানী থেকে মুক্তি পাওয়ার জন্য হাতাপাখা প্রতীকে ভোট দিন। ইনশাআল্লাহ বাংলাদেশ তার কাঙ্ক্ষিত মুক্তি পাবে।
তিনি বলেন, লক্ষ লক্ষ মানুষ জীবন ও রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। চব্বিশের জুলাইয়েও ছাত্র ও তরুণরা রাজপথে জীবন দিয়েছে শুধুমাত্র সমৃদ্ধি অর্জনের জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য। কিন্তু স্বাধীনতার পরে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা হয় নাই বরং দুর্নীতিতে দেশ বারংবার চ্যাম্পিয়ন হয়েছে। হত্যা, খুন ও গুমের সয়লাব হয়েছে। আমাদের রক্ত-পানি করা টাকা ওরা বিদেশে পাচার করেছে। জুলাই আমাদের সামনে যে সুযোগ এনেছে তা কাজে লাগাতে না পারলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না।
তিনি আরও বলেন, ভাগ্যের পরিবর্তন করতে হলে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। কারণ, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলাম-ই একমাত্র কার্যকরপন্থা। ইতিহাসের পরতে পরতে এটা প্রমাণিত হয়েছে।











