সরকার জনগণের সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, দেশের ৭০ শতাংশ মানুষের মতামতকে প্রাধান্য না দিয়ে সরকার জনবিরোধী অবস্থান নিয়েছে। অন্যদিকে বিএনপি জনগণের কাছে দেওয়া ওয়াদা বরখেলাপ করে সংকট তৈরি করছে। সরকার সব জায়গায় দলীয় লোক ও পরাজিত ব্যক্তিদের প্রশাসক হিসেবে বসিয়ে নিরপেক্ষতা হারিয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের অর্থনৈতিক ও জ্বালানি পরিস্থিতি নিয়ে জামায়াতে ইসলামীর আমীর বলেন, বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকার লুকোচুরি করছে। সরকারের কথাবার্তা শুনলে মনে হয় বাংলাদেশ তেলের ওপর ভাসছে, অথচ বাস্তব অবস্থা সম্পূর্ণ ভিন্ন। লুকোচুরি না করে সত্যটা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বিএনপি গণভোটের রায় অস্বীকার করে ফ্যাসিবাদী কাঠামোতে ফিরতে চাইছে। গণঅভ্যুত্থান করা যুবসমাজ এখনও জীবিত। অধিকার কেড়ে নেওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে না। তাদের আন্দোলন হবে নিয়মতান্ত্রিক ও ইস্পাতকঠিন। তবে আন্দোলনে বিশৃঙ্খলা বা সহিংসতা করতে এলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
জনগণের দাবি আদায়ে দেশপ্রেমিক যুবসমাজকে আবারও রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় এই নেতা।











