আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, পাকিস্তানের বর্তমান নিরাপত্তা চ্যালেঞ্জগুলো কয়েক দশক ধরে উগ্রবাদকে সমর্থন করার নীতির ফল।
তিনি বলেন, আফগানিস্তান ও আফগান জনগণ পাকিস্তান থেকে উৎসারিত সন্ত্রাসবাদের শিকার। তাই আঞ্চলিক সংকটের মূল কারণগুলোর দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর দেওয়া উচিত।
মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় তিনি এ কথা বলেন।
হামিদ কারজাই বলেন, “ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক সম্মানিত উচ্চ প্রতিনিধি এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্টের উচিত বস্তুনিষ্ঠ বাস্তবতার ভিত্তিতে চলমান আঞ্চলিক সংকটের প্রধান কারণ ও শিকড়গুলো বিবেচনায় নেওয়া। একই সঙ্গে এটিও বিবেচনায় রাখা উচিত যে, আফগানিস্তান ও এর জনগণ পাকিস্তান থেকে উৎসারিত সন্ত্রাসবাদের শিকার। এই সংকটের ফলে আফগানিস্তানে ব্যাপক মানবিক দুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং জনসাধারণের অবকাঠামো ধ্বংস হয়েছে।”
এর আগে ১ জুন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কাজা কাল্লাস বলেন, “আন্তর্জাতিক আইন অনুযায়ী পাকিস্তানের নিজের ও তার নাগরিকদের রক্ষা করার অধিকার রয়েছে। তবে এই পরিস্থিতিতে সংকট সমাধান ও উত্তেজনা কমানোর সর্বোত্তম উপায় হলো সংলাপ, বিমান হামলা নয়।”
কাল্লাসের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী। তারা বলেন, পাকিস্তান আফগানিস্তানে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে।
তারা উল্লেখ করেন, ইউনামা তার প্রতিবেদনে ৭০০-এর বেশি বেসামরিক নাগরিককে লক্ষ্যবস্তু করা ও ক্ষয়ক্ষতির শিকার হওয়ার ঘটনা নথিভুক্ত করেছে।
রাজনৈতিক বিশ্লেষক গুল মুহাম্মাদ দ্বীন মুহাম্মাদী বলেন, “আফগানিস্তানে পাকিস্তানের সব হামলাতেই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে রয়েছেন খেলোয়াড়, শিশু, নারী, এমনকি কাবুলে মাদকাসক্তদের পুনর্বাসন হাসপাতালও।”
এর আগে পাকিস্তানের বিমান হামলা নিয়ে স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক, আফগানিস্তান বিষয়ক জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের বিশেষ প্রতিবেদক রিচার্ড বেনেটসহ জাতিসংঘের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচসহ কয়েকটি মানবাধিকার সংগঠনও পাকিস্তানের বিমান হামলার, বিশেষ করে ওমিদ মাদক চিকিৎসাকেন্দ্র লক্ষ্য করে চালানো হামলার স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছিল।
সূত্র: তোলো নিউজ











