ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, চলমান সঙ্কট মোকাবেলায় ইসলামী অনুশাসনের বিকল্প নেই। দেশের সাধারণ জনগণ আজ ভাল নেই। ভাল নেই কৃষক সহ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে জনগণের জীবন দুর্বিষহ করে তুলেছে। দেশব্যাপী ভয়াবহ বন্যায় যখন কৃষিজীবী মানুষ উদ্বিগ্ন। এরমধ্যে সারের মূল্যবৃদ্ধিতে কৃষকদের কৃষিকাজেনিরুৎসাহিত করবে। ফলে দেশে খাদ্য সঙ্কট সৃষ্টি করবে।
আজ (৩ আগস্ট) বুধবার বিকেলে রাজধানীর খিলক্ষেত থানায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
মাওলানা মাসউদ আরো বলেন, দেশের প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার না করে আমদানি নির্ভরশীল হওয়ার খেসারত আজ দেশবাসীকে দিতে হচ্ছে। লোডশেডিং, রিজার্ভ কমে যাওয়া, মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানাবিধ সমস্যার পেছনে সরকারের আমদানি নির্ভর নীতিই অন্যতম কারণ।
শেখ ফজলে বারী মাসউদ আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যতটা আমাদের দেশের অর্থনীতিতে প্রভাব ফেলেছে তার চেয়ে বেশি সঙ্কট তৈরী করেছে দেশের সরকারের ভিতরে ঘাপটি বসে থাকা রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীরা। সরকারের উচিত দুর্নীতি রোধে এদের শিকড়সহ উপড়ে ফেলা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খিলক্ষেত থানা সভাপতি মাওলানা মুহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা মহানগর উত্তর সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন ও দফতর সম্পাদক মুফতী নিজাম উদ্দিন। এছাড়াও থানা ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










