‘নাসরুম মিনাল্লাহ’ শিরোনামে আগামী ৫ আগস্ট ২০২৬, বুধবার রাজধানীতে শোকরিয়া র্যালির আয়োজন করেছে উলামা-জনতা ঐক্য পরিষদ।
বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট থেকে র্যালিটি শুরু হবে।
র্যালিতে সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতী হারুন ইজহার। এতে দেশের বিশিষ্ট আলিম-উলামা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক বিচারপতি, আইনজীবী, বুদ্ধিজীবী, ছাত্র-যুব প্রতিনিধি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন।
আয়োজক সংগঠন উলামা-জনতা ঐক্য পরিষদ, ঢাকা মহানগর জানিয়েছে, মহান আল্লাহ তাআলার সাহায্য ও অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং দেশ, জাতি ও ইসলামী মূল্যবোধের পক্ষে ঐক্যের বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই শোকরিয়া র্যালির আয়োজন করা হয়েছে।
র্যালিটি সফল করতে সর্বস্তরের ধর্মপ্রাণ ও সচেতন নাগরিককে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন আয়োজকরা।










